সৈয়দপুরে ক্রিকেট একাডেমির প্রাক্টিস মাঠে যুক্ত হলো নেট

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ০৩:৫৭ পিএম
সৈয়দপুরে ক্রিকেট একাডেমির প্রাক্টিস মাঠে যুক্ত হলো নেট

নীলফামারীর সৈয়দপুরে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল স্থানীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠ। হাওয়ায় ভেঙে পড়েছিল প্র্যাকটিসের নেট ও খুঁটি। ফলে একাডেমির ক্রিকেটারদের অনুশীলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে সেই ক্ষতি কাটিয়ে উঠতে একাডেমির পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ।

১৫ জুলাই বুধবার উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে একাডেমির হাতে নতুন অনুশীলন নেট তুলে দেওয়া হয়। নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে একাডেমির তরুণ কর্মকর্তারা। একাডেমির কোচ নওশাদ ও হ্যাপি বলেন,ঝড়ের পর মাঠের যে অবস্থা হয়েছিল,তাতে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। নতুন এই নেট পাওয়ায় ছেলেরা আবার মাঠে ফিরতে পারবে এবং তাদের নিয়মিত অনুশীলন শুরু করতে পারবে। উপজেলা পরিষদ এই বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন,তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

অনুশীলন নেট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,ক্রীড়া সামগ্রীর অভাবে খেলাধুলা বন্ধ হোক, এটা কারও কাম্য নয়। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে আমার পক্ষ থেকে সব সময় প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।

এ সময় তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসন সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে। এ সময় সাথে ছিলেন,উপজেলা প্রকৌশলী  এসএম আলী রেজা রাজু,, ক্রীড়াবিদ মোক্তার সিদ্দিকী, ক্রীড়া অনুরাগী এহতেশামুল হক সানিসহ একাডমির কোচ ও খেলোয়াড়বৃন্দ। তারা আশা প্রকাশ করেন এই সহায়তার ফলে এলাকার ক্রীড়া পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে উঠবে।

আপনার জেলার সংবাদ পড়তে