নওগাঁর আত্রাইয়ে একজন সেবাগ্রহীতার সাথে অসদাচরণ ও হুমকির অভিযোগ ওঠেছে ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী সেবাগ্রহীতা সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামের সমসের আলীর ছেলে আইয়ুব আলী অভিযোগ করে বলেন,তার উত্তরাধীকার সুত্রে প্রাপ্ত ৬৯শতক জায়গার মালিকানা নিয়ে একই উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জাফের আলীর স্ত্রী মনোয়ারা বিবির সাথে দ্বন্দ্বে আদালতে মামলা চলছে। এরই মধ্যে মনোয়ারা ওই সম্পত্তি নিজের দাবি করে আমার নামজারি (খারিজ) বাতিলের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিস থেকে আমাকে নোটিশ করে। এরপর ওই সম্পত্তি নিয়ে আদালতে চলমান মামলার কাগজপত্র উপস্থাপন করে মনোয়ারার আবেদন বাতিলের দাবি জানায়। কিন্তু তহশীলদার মোস্তাফিজুর রহমান আদালতের মামলাকে তোয়াক্কা না করে সরেজমিন একতরফা তদন্তে যান এবং শুধুমাত্র মনোয়ারার দাখিলকৃত আবেদন এবং তার কথায় আমার নামজারী বাতিলের প্রক্রিয়া করতে থাকেন। এসব বিষয় জানতে পেরে গত মাসের ১৭তারিখে ভুমি অফিসে গেলে তহশীলদার মোস্তাফিজুর রহমান বিভিন্নভাবে অশালীন আচরণ করেন এবং আমার নামজারি বাতিলের হুমকি দিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ১৩জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
এব্যাপারে তহশীল দারের বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার ফোন করেও রিসিভ না করায় অভিযোগের বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানান,এই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমানিত হলে তহশীলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।