লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (১৭ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের পক্ষ থেকে প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ট্রাক্টর মেকানিক জিয়ারুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটির চারটি ছাগল দগ্ধ হয়ে মারা যায় এবং বসতঘরসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং নিঃস্ব হয়ে যায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁর পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবারটিকে ৯ বান্ডিল টিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সরকার সব সময় দুর্গত মানুষের পাশে আছে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সচেতন মহল।