রংপুরের পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামের নির্মানকাজে অনিয়মের অভিযোগে স্থানীয়দের সাথে ঠিকাদারের লোকজনের মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ১৭ জুলাই সকালে উপজেলার পীরগাছা টু কদমতলী সড়কের ফাকের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এতে মধ্যে কমপক্ষে ১০ জন আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা দুই ঘণ্টার মতো ওই সড়ক অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয়দের চোখে নির্মাণাধীন সেই স্টেডিয়ামে নিম্নমানের কাজ হওয়ার বিষয়টি নজরে আসে। স্থানীয়দের অভিযোগ সেখানে কলামের নিচে যে বেজমেন্ট দেওয়া হয়েছে সেখানে রড ব্যবহার করা হয়নি, পাথরের পরিবর্তে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। সিমেন্টের পরিমাণ অনেক কম দেওয়া হয়েছে এবং ভিটি বালু দ্বারা কাজ করা হচ্ছে। এমনকি বেজমেন্ট ঢালাই দেওয়ার পর সাতদিন অতিবাহিত হলেও সেই এই বেজমেন্ট হাতের টানে ভেঙ্গে উঠে এসেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গত বৃহস্পতিবার কাজ বন্ধ রাখতে বলেন ঠিকাদারকে। কিন্তু ঠিকাদার শুক্রবার স্থানীয়দের কথা অমান্য করে আবার কাজ শুরু করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে স্থানীয় ঠিকাদারের লোকজন স্থানীয় কয়েক ব্যক্তির উপর হাতুড়ি, শাবল দিয়ে হামলা চালায়। এতে মুকুট মিয়া, আব্দুল জলিল, আহসান হাবিব, রেজাউল করিমসহ ১০ জন আহত হন। এদের মধ্যে ৩ জনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা পীরগাছা টু রংপুর সড়কের ফাঁকেরের মোড় নামক এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। পরে পুলিশ প্রশাসন ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে স্থানীয়রা অবরোধ তুলে নেন। তবে স্থানীয়রা নিম্নমানের নির্মাণ কাজ বন্ধ করে মানসম্মত ভাবে নির্মাণ কাজ করার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। তারাই অংশ হিসেবে রংপুরের পীরগাছা উপজেলায় পীরগাছা টু রংপুর সড়কের ফাকেরের মোড় নামক স্থানে তিন একর জমির উপর উপজেলা মিনি স্টেডিয়ামে নির্মাণ কাজ চলছে। যার জন্য বরাদ্দ ৮ কোটি ৭৩ লাখ টাকা। গত ২০২৪ সালের নভেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামটির ঠিকাদারি প্রতিষ্ঠান জিএনএনএন্ডবিসি (জেভি) পাকুরিয়া, রাজবাড়ী নামক প্রতিষ্ঠান হলেও বর্তমানে ঢাকার মোন্তা বিল্ডার্স নামক একটি প্রতিষ্ঠান এর নির্মান কাজ করছেন।
মোন্তা বিল্ডার্সের সুমন মিয়া জানান, বৃষ্টির কারনে হয়তো ঢালাই উঠে যাচ্ছে। তবে তিনি জানান, তারা এখনো বেজমেন্ট ঢালাই করেননি। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, আমরা যতটুকু জানি প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের। তারা সরাসরি এটা বাস্তবায়ন করছে। স্থানীয় কোন কর্তৃপক্ষকে এ কাজের তদারককারী হিসেবে রাখা হয়নি। তবে ওই প্রকল্পের কাজে নিম্নমানের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।