বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৩:৪১ পিএম
বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে জামায়াতের আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতারা খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হচ্ছেন। অপরদিকে বরিশালে সকালে থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল জানিয়েছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিভাগের ছয় জেলা থেকে কয়েক লাখ লোক সমাবেশে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাঁচটি বিভাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেছেন, ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনে গ্যাস সরবরাহ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি সমাবেশ থেকে উত্থাপন করা হবে। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সমাবেশে জামায়াতের আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরপূর্বে শনিবার (১৮ জুলাই) দুপুর সোয়া ১২টায় বরিশাল নগরীর বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের জেলা ছাত্র শিবিরের সভাপতি সৈয়দ আহমেদের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশের শুরু হয়েছে। তবে মূল সমাবেশ শুরু হয়েছে দুপুর দুইটার পরে।

আপনার জেলার সংবাদ পড়তে