পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় পর্যায়ে যুব উন্নয়ন সংশ্লিষ্ট সেবা নিশ্চিতকরণ এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ও যুব জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় কলাপাড়া অফিসার্স ক্লাবের সভাকক্ষে জাগো নারী এর প্রদৃপ্ত প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস উল আজাদ।
কেয়ার বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার বায়েজিদ বোস্তামির সভাপতিত্বে এবং জাগো নারী'র প্রজেক্ট ম্যানেজার জাফর আলমের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন, মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন খান দুলাল, সাংবাদিক মিলন কর্মকার রাজু প্রমুখ।
সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুবদের যোগাযোগ বৃদ্ধি, বিদ্যমান সরকারি সেবাসমূহ সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিভিন্ন যুব সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কলাপাড়া লালুয়া ও মিঠাগঞ্জ ইউনিয়নের ১৮ জন যুব প্রতিনিধি ছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে ৪১ টি ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। তিনি উপস্থিত যুবদের এসব প্রশিক্ষণ ও সরকারি সেবা গ্রহণের জন্য উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান।