“শিশু অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই; অনলাইন যৌন নির্যাতন ও শোষণমুক্ত ডিজিটাল পরিবেশ গড়ি”প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় ইনসিডিন বাংলাদেশ এনজিওর কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইউ-স্পিক আপ (ট-ঝঢ়বধশ টঢ়) প্রকল্প। প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহযোগিতায় ছিল তেরে দেস হোমস নেদারল্যান্ডস (ঞবৎৎব ফবং ঐড়সসবং ঘবঃযবৎষধহফং)। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাফিউল আলী, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্প কর্মকর্তা মোঃ মঈন খান, উপস্থিত ছিলেন, প্রজেক্ট কর্মকর্তা কল্যাণনী চাকমা, শিশু প্রতিনিধি আরেফিন সরদার ও নাফিসা ইয়াসমিন সহ সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে অনলাইন যৌন নির্যাতন, শোষণ, সাইবার বুলিং ও বিভিন্ন ধরনের ডিজিটাল ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ, সচেতন ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে শিক্ষা প্রদান এবং অনলাইন অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।