দাকোপে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের খাল উদ্ধার অভিযান

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৮:২১ পিএম
দাকোপে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের খাল উদ্ধার অভিযান

দাকোপ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং চলতি বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো থেকে অবৈধ জাল, বাঁধ ও প্রতিবন্ধকতা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পানখালী মমতাজ স্কুল সড়ক সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ খালে এ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দিন মিঠু এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক।

এ সময় কর্মকর্তারা বলেন, খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ জাল, বাঁধ ও পাটা স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিংড়ি চাষের নামে কিছু অসাধু ঘের মালিকের কারণে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে হাজারো মানুষ জলাবদ্ধতার শিকার হচ্ছেন, যা আইনের পরিপন্থী এবং জনস্বার্থবিরোধী।

তারা স্থানীয় ঘের মালিক ও দখলদারদের প্রতি অবিলম্বে নিজ উদ্যোগে খালের মধ্যকার সব ধরনের অবৈধ বাঁধ, নেট ও পাটা অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ এই উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলবে। ভবিষ্যতে কেউ যদি পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত করে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্মকর্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা ও খাল উদ্ধার কার্যক্রম কোনো একদিনের উদ্যোগ নয়; এটি নিয়মিতভাবে পরিচালিত হবে এবং জনস্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনের এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, কোনো বিশেষ মহলের প্রভাবের কাছে নতি স্বীকার না করে নিয়মিত তদারকির মাধ্যমে এ অভিযান অব্যাহত রাখা হলে দাকোপের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

অভিযান চলাকালে দাকোপ থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

আপনার জেলার সংবাদ পড়তে