বরিশালের আর্জেন্টাইন সমর্থকদের ব্রাজিলে যোগদান, দুধ দিয়ে গোসল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২২ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম
বরিশালের আর্জেন্টাইন সমর্থকদের ব্রাজিলে যোগদান, দুধ দিয়ে গোসল

এখনও বিশ্বকাপের রেশ কাটেনি বিভাগীয় শহর বরিশালে। বিশ্বকাপের ফাইনালে দলের হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে এক ড্রাম দুধ দিয়ে গোসল করে ও মিষ্টি বিতরণ করে আগামী বিশ্বকাপের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলে যোগদান করেছেন বরিশালের একদল আর্জেন্টিনা সমর্থক।

নগরীর বেলস পার্ক মাঠে এই অভিনব ঘটনা ঘটেছে। এর আগে গত ১৯ জুলাই দিবাগত রাতে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বেলস পার্ক মাঠে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে সমবেত হন হাজার হাজার ফুটবল প্রেমি দর্শকেরা। কিন্তু ম্যাচে আর্জেন্টিনার খেলা দেখে চরম হতাশ হন অসংখ্য আজেন্টিনার সমর্থকরা। ম্যাচের পর রাগে, ক্ষোভে ও কান্নায় ভেঙে পরেন রফিক সাদী। এরপরই দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন একাধিক আজেন্টাইন সমর্থকরা। পরে গত ২০ জুলাই ভোরে মাঠেই এক ড্রাম দুধ ও মিষ্টি আনা হয় এবং দুধ দিয়ে গোসল করে আজেন্টিনার সমর্থকরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে ব্রাজিলে যোগদান করেন। এ সময় সদ্য আজেন্টিনার সমর্থন ছেড়ে ব্রাজিলে যোগদান করা রফিক সাদীর নেতৃত্বে একদল যুবক ব্রাজিল ও স্পেন সমর্থকদের নিজ হাতে মিষ্টিমুখ করান। দল বদলের কারণ ব্যাখ্যা করে রফিক সাদীসহ অন্যান্যরা বলেন, ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে অন্ধ সমর্থন করে আসছিলাম। কিন্তু ফাইনালে স্পেনের সঙ্গে যা খেলেছে তাতে আমরা হতাশ। এমন বাজে খেলা আর্জেন্টিনার থেকে আমরা আশা করিনি। ব্রাজিল হারলেও তারা এমন লজ্জাজনকভাবে হারেনি। তাই আমাদের মনে হয়েছে, আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল অনেক বেস্ট। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস রয়েছে। তারা এখনও বিশ্বচ্যাম্পিয়ান দল। তাই আমরা মন থেকে আজেন্টিনা ছেড়ে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে যোগদান করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে