আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের একগাদা ক্রিকেটার। ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান তামিম, সাইফ হাসানদের সাথে এগিয়েছেন বোলারদের অনেকেও। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাট হাতে জোড়া ফিফটিতে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন টাইগার ওপেনার তানজিদ। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৬৪৯ রেটিং নিয়ে ২০তম স্থানে রয়েছেন তানজিদ হাসান তামিম। ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে রয়েছেন সাইফ হাসান। এছাড়া ২ ধাপ এগিয়ে ৯ম স্থানে আছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। জিম্বাবুয়ের রায়ান বার্ল ৪ ধাপ এগিয়ে আছেন ৯১ নম্বরে। ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ। বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ১৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের শেখ মেহেদী হাসান। লেগ স্পিনার রিশাদ হোসেন ৮ ধাপ এগিয়ে উঠেছেন ২৫তম স্থানে। ৪ ধাপ নেমে গেছেন নাসুম আহমেদ, রয়েছেন ১৩ নম্বরে। তবুও বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন তিনিই। জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি বড় লাফ দিয়েছেন। ৩৭ ধাপ এগিয়ে ৩২ নম্বরে রয়েছেন এনগারাভা, অন্যদিকে মুজারাবানি ২২ ধাপ উন্নতি করে রয়েছেন ৩৬তম স্থানে। বাংলাদেশের তাসকিন আহমেদ ৯ ধাপ উন্নতি করে ৬৯তম স্থানে আছেন। বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। অলরাউন্ডারদের মধ্যে বাংলাদেশের শেখ মেহেদী হাসান ২ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন। সাইফ হাসান এগিয়েছেন ২৭ ধাপ, রয়েছেন ৪৬তম স্থানে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।