চারপাশের পরিবেশ খুবই বিষাক্ত হয়ে উঠেছিল : দেশম

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২২ জুলাই, ২০২৬, ০৮:১১ পিএম | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৮:১১ পিএম
চারপাশের পরিবেশ খুবই বিষাক্ত হয়ে উঠেছিল : দেশম

২০২৬ বিশ্বকাপ শেষে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের পেছনের কারণ প্রকাশ করেছেন দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশম। ফরাসি টেলিভিশন এম৬-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার চারপাশের পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে, দলের স্বার্থেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৫৭ বছর বয়সী দেশম বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এভাবে আর চলতে পারে না। আর যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকি, সেটা নিজের জন্য নয়, ফ্রান্স জাতীয় দলের ভালোর জন্য।’ এরপর তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘হয়তো আগে এটা বলিনি, কিন্তু আজ সম্পূর্ণ সততার সঙ্গে বলছি-আমি নিজের জন্য এই সিদ্ধান্ত নিইনি। আমার চারপাশের পরিবেশ খুবই বিষাক্ত হয়ে উঠেছিল এবং ফ্রান্স জাতীয় দল এমন পরিস্থিতির যোগ্য নয়।’ ২০২৫ সালের জানুয়ারিতেই দেশম ঘোষণা দিয়েছিলেন যে, ২০২৬ বিশ্বকাপের পর তিনি আর চুক্তি নবায়ন করবেন না। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারে শেষবারের মতো ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আবেগাপ্লুত কণ্ঠে দেশম বলেন, ‘ফ্রান্স জাতীয় দল সবার ঊর্ধ্বে। এটি আমার নয়। আমি ১৪ বছর ধরে এই দলের সেবা করেছি। এই জার্সির চেয়ে বড় কিছু নেই।’ দেশম ১৪ বছরের কোচিং অধ্যায়ে ফ্রান্স জিতেছে ২০১৮ বিশ্বকাপ এবং খেলেছে ২০২২ বিশ্বকাপের ফাইনাল। যদিও ২০২৬ বিশ্বকাপে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবুও ফরাসি ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবেই বিদায় নিচ্ছেন তিনি। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, দেশমের উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদান ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে