শ্রীউলায় ১২ কিঃ কাঁচা রাস্তায় জনদুর্ভোগ চরমে

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৭:৫০ পিএম
শ্রীউলায় ১২ কিঃ কাঁচা রাস্তায় জনদুর্ভোগ চরমে

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাশতলা ব্রিজ-ঘোলা খেয়াঘাট-ওয়াপদা হয়ে কাকড়াবুনিয়া জিপিএস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ কাচা রাস্তাটি বছরের পর বছর অবহেলায় বেহাল হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় পাঁচটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। দীর্ঘদিনের এ ভোগান্তির অবসানে সড়কটি দ্রুত পাকাকরণের দাবি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।

জানাগেছে, রোড আইডি-২৮৭০৪৪১৬২-এর আওতাধীন সড়কটি শ্রীউলা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা জমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরী রোগী হাসপাতালে নেওয়াও দুরূহ হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি পাকাকরণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। বিগত দিনে শ্রীউলা ইউনিয়নে কাগজে-কলমে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। অথচ, জনগুরুত্বপূর্ণ ৬টি সড়কের ৩৫ কিঃ মিঃ রাস্তা কাচা থাকায় জনসাধারনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান জানান, "এটি শ্রীউলা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ সড়কের পাশে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি ফাজিল মাদ্রাসা, ৮ মসজিদ, ৩টি খেয়াঘাট ও ৫০ থেকে ৬০টি মুরগির খামারসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। জনস্বার্থ বিবেচনায় সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাকাকরণে মাননীয় সংসদ সদস্যের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছি।"

শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু বলেন,"সড়কটি পাকা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। দ্রুত বাস্তবায়নে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।" এদিকে, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে সড়কটি অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের উদ্যোগে সড়কটি পাকাকরন হলে শ্রীউলা ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হবে।

আপনার জেলার সংবাদ পড়তে