কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক হোটেল মালিককের কাছ থেকে ৮হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট । বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সামিউর রহমান পুলিশ ও আনসারের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে স্থানীয়ভাবে পরিচিত নাককাটিহাট বাজারে রফিকুল ইসলামের ‘হাঁসের মাংসের হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগের সত্যতা পান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৫২ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামের ৮ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে । অভিযানকালে উপস্থিত ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে মেনে চলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।