লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৭:০৯ পিএম
লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস এবং নানা আধ্যাত্মিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির ও ইসকন, বানিয়ারদিঘীর যৌথ উদ্যোগে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন হাজার হাজার পুণ্যার্থী।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জেলা শহরের ঐতিহাসিক কালেক্টরেট মাঠ থেকে উল্টো রথযাত্রার মূল শোভাযাত্রা শুরু হয়। শত শত ভক্তের কণ্ঠে হরিনাম সংকীর্তন, উলুধ্বনি এবং বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বর্ণাঢ্য সাজে সজ্জিত রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বানিয়ারদিঘী মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। রথযাত্রার টান দেওয়ার সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এর আগে সকালে জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের ১৪তম বর্ষের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং ভক্তিমূলক কীর্তন পরিবেশিত হয়।

‎অতিথিদের উপস্থিতি ও বাণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান। উদ্বোধক ও প্রধান উপদেষ্টা হিসেবে আশীর্বাচন প্রদান করেন শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,  পুলিশ সুপার, মোহাম্মদ আসাদুজ্জামান, সদর  উপজেলা নির্বাহী অফিসার, মনোনীতা দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ সাদ আহম্মেদ।

‎বক্তারা বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা মানুষে মানুষে সৌহার্দ্য, সমপ্রীতি ও মৈত্রী বন্ধন সুদৃঢ় করে। জগন্নাথ দেবের কৃপায় বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনব্যাপী আয়োজিত এই মহোৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত শান্তিপূণ ও উৎসবমুখর পরিবেশে দিনটির কর্মসূচি শেষ হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) লালমনিরহাট জেলার নয়ারহাট বানিয়ারদিঘী এলাকার ইস্কন মন্দির থেকে হাজার হাজার ভক্তবৃন্দদের নিয়ে রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলা শহরের কালেক্ট্রেট মাঠে এসে সমবেত হয়। সেখানে সাতদিন থাকার পর আজ বৃহস্পতিবার উল্টো রথযাত্রায় আবার ইস্কন মন্দিরে গিয়ে যাত্রা সমাপ্তি হবে।

আপনার জেলার সংবাদ পড়তে