রাজশাহীর বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জের দরে শাহার উদ্দিন ঝুন্টু (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। শাহার উদ্দিন ঝুন্টু নিশ্চিন্তিপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে (৫০) আটক করা হয়েছে। আবুল কালাম একই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি বন্ধকের টাকা লেনদেনকে কেন্দ্র করে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় আবুল কালামের আক্রমনে শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।