রংপুরে ছয়তলা ভবন থেকে ইট পড়ে রিকশাচালক নিহত

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ১১:১৭ এএম
রংপুরে ছয়তলা ভবন থেকে ইট পড়ে রিকশাচালক নিহত

রংপুর নগরীর খলিফা পাড়া এলাকার কাজীবাড়ি রোডে ছয়তলা ভবন থেকে ইট পড়ে অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষ সুত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী  ছয়তলা নির্মানাধীন ভবনে কাজ করছিলো শ্রমিকরা। রাস্তা দিয়ে একটি খালি রিকশা যাওয়ার সময় হঠাৎ করে কয়েকটি ইট রিক্সা চালকের মাথায় পরে। সঙ্গে সঙ্গে রিকশা চালক মাটিতে লুটিয়ে পরে। পরে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নির্মানাধীন ভবনের প্রতিবেশি আব্দুল জব্বার বলেন, চলন্ত রাস্তার পাশে ৬ তলা ভবনের কাজ চলছে, অথচ কোন সেফটি নেই। এর আগেও একবার ওয়াল ভেঙে পরেছিলো। সেই সময় বলা হয়েছিলো কিন্তু আমাদের কথা শোনেনি। গায়ের জোরে কাজ চালাচ্ছেন। আজকে যখন ঘটনাটি ঘটে, তখন আমরা বাড়ির পাশে বসেছিলাম। তাদের ভবনের ইট পরে একজন মানুষ মাটিতে শুয়ে পরলো অথচ ওই ভবনের কেউ এগিয়ে আসলো না। এতো ডাকাডাকি করার পরেও তারা কেউ আসে নাই। এখনও গেট বন্ধ। পরে আমরা মেডিকেল নিয়ে যাই। মেডিকেল নিয়ে যাওয়া পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনায় ভবন মালিকের বিচার চাই।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, বর্তমানের নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একই সাথে নিহতের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে