কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চলমান অভিযানের ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় (এগারো লক্ষ বাইশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপি'র একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার চল্লিশপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ বোতল স্কাফ সিরাপ, ৫১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ আঠাশ হাজার দুইশত) টাকা। এর আগে,রামকৃষ্ণপুর বিওপি'র একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ঠোটারপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ কেজি গাঁজা, ১,১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ চুরানব্বই হাজার) টাকা।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ৪৮ বোতল স্কাফ সিরাপ, ৪ কেজি গাঁজা, ১,৬১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২,০২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (এগারো লক্ষ বাইশ হাজার দুইশত) টাকা। উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য যথাযথভাবে জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।