বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধে নিহতের ঘটনায় মামলা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৩:৫২ পিএম
বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধে নিহতের ঘটনায় মামলা

রাজশাহীর বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে আবুল কালামের আক্রমনে দেয়ালে ধাক্কা লেগে শাহার উদ্দিন ঝুন্টুর (৫২) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় নিহতের ছেলে সোহান আলী বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবুল কালামকে প্রধান আসামি করা হয়েছে। এর সাথে আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী আটক আবুল কালামকে রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। নিহত শাহার উদ্দিন ঝুন্টু উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে এবং অভিযুক্ত প্রধান আসামী আবুল কালাম একই গ্রামের এরশাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) দুপুরে জমি বন্ধক সংক্রান্ত পাওনা টাকা নিয়ে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে আবুল কালামের আক্রমনে শাহার উদ্দিন ঝুন্টু ছিটকে বাড়ির দেয়ালে আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ ঘটনায় নিহতের ছেলের দায়ের করা মামলায় প্রধান আসামি আবুল কালামকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে