দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬০ জন। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের শরীরে এবং আরও ৯৯০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭২৫ জন। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২০ জন।
এ ছাড়া একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।