ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০৫:৩৫ পিএম
ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন আবেদন খারিজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে দেন।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।

মামলার তথ্য অনুযায়ী, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। এজাহারে হামলার পরিকল্পনা, অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতার অভিযোগও উল্লেখ করা হয়।

ঘটনার দিনই র‍্যাব ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, তাঁর শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সর্বশেষ সাহেদা পারভীনের জামিন আবেদন হাইকোর্টে শুনানি হলে আদালত তা নামঞ্জুর করেন।

আপনার জেলার সংবাদ পড়তে