নওগাঁর বদলগাছীতে মেহেদীর রঙ না শুকাতেই খালের পানিতে ডুবে এক দম্পতির প্রাণহানি ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মেহেরপুর জেলার গাংনি উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) এবং তার স্ত্রী নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শাহীন হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)। মাত্র ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় তার স্ত্রী সুমাইয়া খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন নূর ইসলাম। স্বামীকে পানিতে ডুবে যেতে দেখে তাকে বাঁচানোর আকুল চেষ্টায় খালের পানিতে ঝাঁপ দেন স্ত্রী সুমাইয়াও। একপর্যায়ে দুজনই খালের গভীর পানিতে নিখোঁজ হন।
জানতে পেরে স্থানীয়রা তাদের খোঁজাখুজি শুরু করেন। আধাঘন্টা চেষ্টার পর দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি বলেন, স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তবে হাসপাতালে আনার পূর্বেই তাদের মৃত্যু হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, হাসপাতালেই মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের মতামত ও দাবির ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।