আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে দন্ড প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আারা। রোববার (২৬ জুলাই) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে ফৌজদারি অপরাধের দন্ড নিরূপণ( নীতি ও পদ্ধতি) আইন ২০২৬ এর সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনারে এই মন্তব্য করেন তিনি। আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সোবহানির উপস্থাপনায় বক্তব্য রাখেন রংপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দয়রা জজ মোছাম্মদ মনিরা সুলতানা।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা আরো বলেন,, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধের বিচারে সর্বোচ্চ স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করতে 'ফৌজিদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন ২০২৬' প্রণয়নের উদ্যােগ নেওয়া হয়েছে।
বিচারপতি জিনাতারা আরো বলেন, ""একটি রাষ্ট্রের মূল দর্শনের অন্যতম ভিত্তি হলো সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিরোধ নিরসনে একটি কার্যকর বিচারিক ব্যবস্থা গড়ে তোলা। আর সেজন্যই অপরাধের দণ্ড নির্ধারণের নীতি ও পদ্ধতি নির্ধারণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সব পক্ষের মতামত গ্রহণ করা হচ্ছে।" সেমিনারে জেলার বিচারক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের স্টেকহোল্ডাররা অংশ নেন। সেমিনারে অংশগ্রহণকারীরা আইনটির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে উত্থাপিত স্টেকহোল্ডারদের সকল মতামত গুরুত্বের সাথে বিবেচনা ও সন্নিবেশ করে খসড়াটি চূড়ান্ত করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্দেশ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।