নাগেশ্বরীতে ৩ লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়লো প্রশাসন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৫:২৬ পিএম
নাগেশ্বরীতে ৩ লক্ষাধিক টাকার অবৈধ চায়না জাল পুড়লো প্রশাসন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে  ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল-বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিল ও পৌরসভার পয়রাডাঙ্গার মসলিয়ার বিলে অভিযান চালিয়ে ৬২ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।  পরে বিলের পাশেই  অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও সিনিয়র উপজেলা মৎস্য  কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন উপজেলায় সামপ্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, যা জেলা প্রশাসক স্যারের  দৃষ্টিগোচর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। আজকে আমরা ৬২ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন  জানান, অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণি নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর। টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র রক্ষায় এ ধরনের অভিযান  ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে