কুড়িগ্রামের রাজারহাটে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলারপাড়, সোনালুর কুটি নাজিমখান, চাকিরপশার মাইনর স্কুল এলাকা এবং মিলেরপাড় বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ৫০টি চায়না দুয়ারি জাল, রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব জাল দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক এবং রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন। অভিযান শেষে একই দিন বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, ‘মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’