চাঁদপুর মতলব-গৌরীপুর পেন্নাই নারায়ণপুর সড়ক যেন ডোবা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ০৪:০৮ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৪:০৮ পিএম
চাঁদপুর মতলব-গৌরীপুর পেন্নাই নারায়ণপুর সড়ক যেন ডোবা

চাঁদপুরের মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার সংলগ্ন সাহা বাড়ির মোড় ও বাস স্টেশন এলাকাটি যেন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতা, অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে পুরো সড়কে কার্পেটিং উঠে বিশাল খানাখন্দের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে সড়কটি ডোবার রূপ নেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে দূরপাল্লার বাস, ট্রাক ও হালকা যানবাহন।

স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়কটি দিয়ে ঢাকা, চাঁদপুর, বাবুরহাট ও মতলবসহ বিভিন্ন রুটের শত শত যানবাহন যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, আহত হচ্ছেন যাত্রী ও চালকেরা। পাশাপাশি তীব্র যানজটের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক দুলাল পোদ্দার এবং স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়কটি স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন। সিএনজি চালক হোসেন গাজী জানান, ভাঙা রাস্তায় প্রায়ই গাড়ি উল্টে পড়ে দুর্ঘটনা ঘটছে, তবুও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমাম জানান, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা/সমন্বয় সভায় অবহিত করা হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চাঁদপুর সড়ক ও জনপথ (সড়জ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ আলী জানান, সড়কটি সংস্কারের জন্য নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে এবং তার আগ পর্যন্ত সাময়িকভাবে চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে