মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ২৯ জুলাই, ২০২৬, ১১:০২ পিএম | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১১:০২ পিএম
মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত

নোয়াখালীর সেনবাগে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিরুয়া গ্রামের দিনমজুর আব্দুল লতিফ (৪২) দীর্ঘ প্রায় দুই বছর ধরে নিজের মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানালে তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। পরে মঙ্গলবার রাতে ভুক্তভোগীর বাড়িতে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য ও অভিযোগ শুনে ৫-৬ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার শাস্তি দেওয়া হয়।

সালিশে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতের নেতা মাওলানা হানিফ এবং ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটু বলেন, “মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে ডেকে আনা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে।” এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, “বিষয়টি শুনেছি। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।  তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে