চাঁদপুর সরকারি কলেজের নতুন ক্যাম্পাস অনুমোদনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং চাঁদপুর-হাইমচরের মাটি ও মানুষের নেতা, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল। আজ বুধবার (২৯ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা "তারেক রহমানের অঙ্গীকার,অনুমোদন পেল ক্যাম্পাস।চাঁদপুর কলেজ চাচ্ছে নতুন ক্যাম্পাস আসছে", "তারেক রহমানের দুই নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন"-সহ শিক্ষা ও ক্যাম্পাস উন্নয়ন বিষয়ক নানা স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, চাঁদপুর সরকারি কলেজের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক ও বড় ক্যাম্পাসের। শিক্ষার্থীদের এই প্রাণের দাবি পূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি চাঁদপুরবাসী ও সাধারণ শিক্ষার্থীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। নতুন ক্যাম্পাস নির্মাণের এই উদ্যোগ চাঁদপুরের শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তারা আশা ব্যক্ত করেন। আনন্দ মিছিলে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।