জিয়ানগরে নড়বড়ে পুলে শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৪:০২ পিএম
জিয়ানগরে নড়বড়ে পুলে শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের ছোরের খালের ওপর নির্মিত একটি কাঠের পুল দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে পুলটির কাঠ আরও দুর্বল হয়ে একদিকে হেলে পড়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, পুলটি এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা। প্রতিদিন শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পুল ব্যবহার করে যাতায়াত করেন। তবে পুলটির মাঝামাঝি অংশ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলটির বেহাল অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগের পাশাপাশি আতঙ্ক নিয়েই প্রতিদিন পারাপার করতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, "এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মঞ্জু বলেন, "পুলটির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছি। দ্রুত সংস্কার কিংবা স্থায়ী সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।" এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধান এবং নতুন একটি শক্ত কাঠামোর পুল নির্মাণের দাবী জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে