ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। রবিবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)কে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে মতি মিয়া (২৬) ও দুলাল মিয়া (৪৫)। মাদক সেবনের অপরাধে তাদেরকে এই দণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ভুক্তভোগী মা পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। ইদানিং মাদক সেবনের টাকার জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করার পাশাপাশি মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন ।
আজ রবিবার সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুলাল ও মতি দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাব ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন অসহায় মা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জনকে এ কারাদণ্ড দেন। এদিকে গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক পিতা তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহীনুল ইসলাম জানান,উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া ও মতি মিয়াকে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।