চাঁদপুরে বৃক্ষরোপণ মেলার উদ্বোধন

মেয়ের কাছ থেকেই গাছ লাগানোর আসল শিক্ষা পেয়েছি: এমপি মানিক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৪:৫৩ পিএম
মেয়ের কাছ থেকেই গাছ লাগানোর আসল শিক্ষা পেয়েছি: এমপি মানিক

"গাছ লাগান, পরিবেশ বাঁচান"-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। রোববার (২ আগস্ট) সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, তিনি তাঁর একমাত্র মেয়ের কাছ থেকেই গাছ লাগানোর আসল শিক্ষা পেয়েছেন।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ মেলা ঘিরে শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবেগাপ্লুত হয়ে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন,আমি গাছ লাগানো পছন্দ করি। তাঁর একমাত্র কন্যা যখন পঞ্চম শ্রেণীতে পড়ত, তখন এক দিন বাসার কিছু গাছ কাটতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর মেয়ে বাধা দিয়ে বুঝিয়ে দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটা কত বড় অপরাধ এবং গাছ লাগানো কেন জরুরি। সেই থেকেই মূলত তাঁর মনে গাছের প্রতি গভীর ভালোবাসার জন্ম হয়।

খুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্কুল পোশাকটি তাঁর অত্যন্ত পরিচিত ও প্রিয়; কারণ তাঁর পাঁচ বোনও একই পোশাক পরে পড়াশোনা করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গৃহীত পরিবেশবিষয়ক কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের মূল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি শিশু ও শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করে, তবে সারা দেশে প্রায় ২৫ কোটি গাছ রোপণ করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান,চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। 

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আকতার হোসেন মাঝি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন। সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের কর্মীরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের নানা প্রজাতির চারার সমাহার ঘটেছে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত চারাগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি সচেতন নাগরিক নিজ দায়িত্বে গাছ লাগালে আমাদের আগামী প্রজন্ম একটি সবুজ ও নিরাপদ পৃথিবী পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে