দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে রবিবার (০২ আগস্ট ২০২৬) সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে নিয়মিত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া স্থানীয় জেলেদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উক্ত আলোচনা সভায় কোস্ট গার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।