নওগাঁর ধামইরহাটে সম্প্রতি সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ৩ আগস্ট দুপুর ২ টায় ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের আয়োজনে স্কুলে কমিটির দাবীতে হুমকি-ধামকি. বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর এবং অসত্য অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।
সম্মেলনে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘কমিটিতে চৌধুরী পরিবারের যে কাউকে অন্তর্ভূক্ত করার দাবী নিয়ে মিলন, বাবুসহ ১৫/২০ জনের একটি যুবকের দল আমার কক্ষে এসে বর্তমান ম্যানেজিং কমিটি বাতিলের দাবী করে বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর করে এবং আমাকে চেয়ারে বসতে দেবে না বলে হুমকি প্রদান করে। এতে আমি শংকাবোধ করছি। আমি আইন ও বিধি মোতাবেক এডহক কমিটি গঠনের লক্ষে নামের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর নিয়ে বোর্ডে প্রেরণ করেছি, যা এখনও প্রক্রিয়াধীন আছে, যেখানেই কমিটিই এখনও অনুমোদনই হয়নি, সেটা কিভাবে বাতিল হবে, কমিটি আমি বা বিদ্যালয় বাতিল করার এখতিয়ার রাখে না এটি বোর্ডের কাজ। আর আমার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ বিত্তিহীন, স্কুলের লেনদেন সব ব্যাংকিং হিসেবে লিপিবদ্ধ আছে, এখানে অনিয়মের সুযোগ নেই।