লালপুরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৭ এএম
লালপুরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ হোসেন ওই গ্রামের মো. আব্দুল মতিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে সাজিদ তার মা ছাবিনা খাতুনের সঙ্গে কাশেমপুর গ্রামের বটতলা এলাকায় পাট শুকাতে যায়। কিছুক্ষণ পর সাজিদ খেলাধুলা করার কথা বলে মায়ের কাছ থেকে বাড়িতে চলে আসে।

দুপুর পৌন ১টার দিকে সাজিদের মা বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে নাজমুল মেম্বারের পুকুরে  সাজিদকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে, তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট শিশুটিকে হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় পাগল প্রায়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল  জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে