বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সমন্বয়ে গঠিত জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জোটের যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের সভাপতি ছৈয়দ মুহাম্মদ আবু সাইদ-এর সভাপতিত্বে চট্রগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত চট্রগ্রাম বিভাগীয় সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের আহবায়ক, বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী ডক্টর এ.এস.এম কাদের কিবরীয়া, প্রধান আলোচক জোটের মুখপাত্র ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি ও জোটের সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন। এছাড়াও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, থানা, ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারগণ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে সারাদেশে নিকাহ রেজিস্ট্রারদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। বিধিবহির্ভূত ভাবে এমপিদের ডিও লেটারের প্রভাবে এবং অর্থের বিনিময়ে স্বয়ং এমপি সাহেবরা মন্ত্রণালয়ে এসে সরাসরি তদবির করে অনেক ইউনিয়ন টুকরো টুকরো করে একই অধিক্ষেত্রে একাধিক নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে। এতে আয় রোজগার কমে যাওয়ায় ঐ সকল এলাকার নিকাহ রেজিস্ট্রারগণ অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে অধিক্ষেত্র বিষয়ক অনেক মামলা এখনো হাইকোর্টে চলছে। ফলে কাজী সাহেবদের ভোগান্তি চরম পর্যায়ে পৌছেছে। বর্তমানেও কাজী সাহেবদের এলাকা কর্তন করিয়ে তাদেরকে ভিকটিম বানিয়ে বহুল জনপ্রত্যাশিত ও আলেম প্রেমিক বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ ও আলেম ওলামাদের সাথে সরকারের মনস্তাত্ত্বিকভাবে দ্বন্দ্ব সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র চলছে। জনবান্ধব ও আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র কর্তন করে আলেম ওলামাদের রিজিকে আঘাত আসে এমন কিছু করবেনা বলে আশাবাদ ব্যাক্ত করেন কাজী সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
নাগরিকদের বিদ্যমান অধিকার সুনিশ্চিত রাখা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। জনগণের মৌলিক অধিকার খর্ব করা গণতান্ত্রিক সরকারের কাজ নয়, এটা ফ্যাসিবাদী আচরণ। পতিত ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে সুশাসন ও মানবিক অধিকার কেড়ে নিয়ে সংবিধান পরিপন্থী কর্মযজ্ঞ করেছে। এ ধরনের আচরণ দেশের মানুষ বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে না। তাই পতিত ফ্যাসিস্ট সরকারের মতো নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করে বরং নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র ইউনিয়ন ও ওয়ার্ড অবসর সময় পর্যন্ত বহাল থাকবে মর্মে বিধান করার জন্য সরকারের প্রতি বিনীতভাবে আহ্বান জানান কাজী সমাজ।