কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০২:৩৫ পিএম
কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের সবাই কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে। বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। তাঁর মা উমাতারা দাস। আহতরা হলেন-একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, চারজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। বুধবার ভোররাতে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। নিহতের স্বজনরা জানান, রতন দাসসহ তাঁরা নিয়মিত ওই হাওরে মাছ ধরতে যেতেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।