নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- রসপুর (শিমুলতলী) গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ জিসান উন নবী (৯) এবং একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. তাওহিদ ইসলাম (৭)।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জিসান উন নবী ও তাওহিদ ইসলাম একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে রসপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর খালের পানিতে খেলতে যায়। একপর্যায়ে শিশু দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ঘটনাস্থলে মাছ ধরতে আসা স্থানীয় বাসিন্দা মো. মোশাররফ হোসেন নদীর পাশে খালের পানিতে শিশু দুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন ও শিশু দুটির অভিভাবকরা তাদের উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই গ্রামের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।