নিষ্ক্রিয় কমিটিতে শিক্ষা চলবে না, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০৫:১৬ পিএম
নিষ্ক্রিয় কমিটিতে শিক্ষা চলবে না, কাজের হিসাব দিতে হবে: মানিক এমপি

শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব কেবল শিক্ষকদের একার নয়, বরং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদকেও সমানভাবে তা পালন করতে হবে। দায়িত্ব নিয়ে নিষ্ক্রিয় বসে থাকলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। শিক্ষার সার্বিক মান বাড়াতে প্রতি মাসে অভিভাবক সমাবেশ ও জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এসব কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়নে কী কী কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছে, তার মূল্যায়নের ওপরই পরবর্তী কমিটি নির্ধারণ করা হবে। দায়িত্ব নিয়ে নিষ্ক্রিয় থাকার দিন শেষ; অলস ও কর্মবিমুখ ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই।

আসন্ন এসএসসি পরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরীক্ষার আগে শিক্ষকদের পরীক্ষার্থীদের পেছনে পর্যাপ্ত সময় দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং বর্তমান সময়ের অন্যতম সামাজিক ব্যাধি কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে কঠোর সচেতনতা গড়ে তুলতে হবে। নির্বাচনী এলাকায় শিক্ষার হার ও মান কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি পেলে জাতীয় সংসদে সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ সহজ হবে, যা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও মানসম্মত উন্নয়নে বিশেষ বরাদ্দ পাওয়ার পথ প্রশস্ত করবে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির আলোয় উদ্দীপ্ত করে গড়ে তুলতে বর্তমান প্রশাসন ও স্থানীয় সরকার যৌথভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হকিমা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন  জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এসময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদসহ অনুষ্ঠান সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।  সভা শেষে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য তিনি তার নির্বাচনী এলাকা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী ফুটবল উপহার হিসেবে তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে