নোয়াখালীর সেনবাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। শনিবার (২৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ৫ নম্বর অজুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইদিলপুর উত্তর-পূর্বপাড়া কামাল সওদাগর বাড়িতে আমিন উল্লাহর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও সেনবাগ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ আমিন উল্লাহর বসতঘরের বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
অগ্নিকাণ্ডের পর পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে। অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ হাসাস জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।