রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত এক রিকশা চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম মোখলেছুর রহমান (৫৫), তিনি ওই উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মোখলেছুর রহমান রিকশা চালাতেন।
পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নিতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, রাতের অন্ধকারে এলাকার বট গাছের নিচে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়।
ওসি আব্দুস সবুর জানান, মোখলেছুর রহমান শুক্রবার বিকেলে মোখলেসুর রহমান রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সংঘবদ্ধ দুর্বৃত্তরা রিকশাটি ছিনিয়ে নিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে তাকে হত্যা করে রিকশা নিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।