বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চাঁদপুরে জেলা উপজেলা বিএনপি উদ্যোগে পাঁচদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১ সেপ্টেম্বর জেলা ও উপজেলা বিএনপি কার্যালয়ে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বৃক্ষরোপণ ও পুকুর জলাশয় ডোবানালা পরিস্কার পরিচ্ছন্ন করা, কচুরিপানা অপসারণ এবং বিকেল ৩টায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে র্যালি ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে জনসভা।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য চাঁদপুর-৩ শেখ ফরিদ আহম্মেদ মানিক। জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের ইতিহাস, সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা সেলিম আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হচ্ছে। বৃক্ষরোপণ,ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জলাশয়, পুকুর, ডোবা নালা হতে কচুরিপানা সহ ময়লা আবর্জনা পরিষ্কার রাখার মতো কর্মসূচি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
শুধু জেলা পর্যায়ে নয় চাঁদপুরের প্রতিটি উপজেলায় বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা, দোয়া মাহফিল কর্মসূচি রয়েছে।