বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজিত কর্মসূচি ও র্যালি চলাকালীন ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এবং সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনের এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে থাকেন। এ সময় মিছিলের সামনে যাওয়া এবং শ্লোগান দেওয়াসহ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগ্বিতন্ডা পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়।
সূত্রে আরও জানা গেছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় সাধারণ নেতাকর্মী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এসময় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন কর্মীরা আহত হয়েছেন। এসময় দলীয় কার্যালয় ও অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক নিয়ে উত্তেজিত ছাত্রদলের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দেন।
তাৎক্ষনিক সিনিয়র নেতৃবৃন্দ ও ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।পরবর্তীতে বিশৃঙ্খলাকারী গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র্যালি ও কর্মসূচি সম্পন্ন করা হয়।