রংপুরের বেসরকারি খাতের সম্ভাবনা

বিনিয়োগ পরিবেশ নিয়ে এডিবির সঙ্গে মেট্রো চেম্বারের মতবিনিময়

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
বিনিয়োগ পরিবেশ নিয়ে এডিবির সঙ্গে মেট্রো চেম্বারের মতবিনিময়

রংপুরের বেসরকারি খাতের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে এশীয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুর নগরীর হোটেল নর্থ ভিউয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত সভায় এডিবির বেসরকারি খাত উন্নয়ন বিশেষজ্ঞ (পরামর্শক) মোঃ তাহসিন এইচ. চৌধুরী, এসিএ এবং বেসরকারি খাত উন্নয়ন বিশেষজ্ঞ (সহযোগী পরামর্শক) আবেদ খান, এফসিএ উপস্থিত ছিলেন।

সভায় রংপুরের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, শিল্পায়নের সম্ভাবনা, উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা, বিনিয়োগে প্রতিবন্ধকতা এবং বেসরকারি খাতকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এডিবির প্রতিনিধি দলের বক্তব্যের সারমর্ম তুলে ধরে বলা হয়, রংপুর অঞ্চলে বেসরকারি খাতের বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, অবকাঠামোগত সুযোগ-সুবিধার উন্নয়ন এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ অঞ্চলে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলেও মত দেন তারা। মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম (নাজু) সভা পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম (পটু), পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, মোঃ আক্তারুজ্জামান মণ্ডল, মোঃ আব্দুর রাজ্জাক, সালাহউদ্দিন মোস্তফা জামাল, জাবেদ হোসেন (জুয়েল), মোঃ রাকিবুল হাসান, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, মোঃ মাসুদ রানা, খন্দকার ইফতেখার ইলাহী, মোঃ সায়ফুল আনাম পিকুল ও মোঃ শাহজাহান কবীর। এ ছাড়া উইমেন চেম্বারের শাহনাজ পারভীন, মোশেদা বেগম পেয়ারী, মোশেদা খাতুন, কোচ স্টোরের প্রতিনিধি মোঃ সেলিম, লাইট ইঞ্জিনিয়ারিং খাতের শামসুজ্জামান ও রাতুল, ডা. রাকিবুল, মোঃ মামুন (ডেপুটি, রংপুর) এবং মেট্রোপলিটন চেম্বারের সদস্য মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, রংপুরের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা, দক্ষ জনবল তৈরি এবং বাজার সম্প্রসারণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভাটি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে এডিবির প্রতিনিধি দলের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সভায় রংপুরের বেসরকারি খাতের বাস্তব চিত্র ও সম্ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে