যশোরের মণিরামপুর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ কমিটির সদস্য পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছেন মো. সোহানুজ্জামান। বুধবার (৭অক্টোবর) দুপুরে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি বরাবর তিনি লিখিত আবেদন করেন। আবেদনে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না মর্মে উল্লেখ করেন তিনি।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর এক অফিস আদেশের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণের জন্য ৫ সদস্য’র একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সদস্য সচিব করা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে। আর সদস্য করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মো. সোহানুজ্জামান এবং মাসুদ পারভেজ রুবেলকে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. সম্রাট হোসেন বলেন, কমিটির সদস্য পদ থেকে সোহানুজ্জামানের অব্যাহতির একটি আবেদন হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে মিটিং করে পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।