পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, বিএনপির প্রতিবাদ

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০১:১২ পিএম
পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, বিএনপির প্রতিবাদ

‎লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি এবং এর শীর্ষ নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। ব্যক্তিগত সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে এমন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।

‎লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৫ অক্টোবর বিডিআর হাট এলাকার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা সংক্রান্ত পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা চালানো হয়েছে। জেলা বিএনপির স্পষ্ট দাবি, এই বিরোধের সঙ্গে বিএনপির কোনো দূরতম সম্পর্কও নেই, এটি সম্পূর্ণ দুটি পরিবারের অভ্যন্তরীণ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ।

তিনি আরও দাবি করেন, জমি সংক্রান্ত এই বিরোধের সঙ্গে জড়িত ব্যক্তিরা অতীতে আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর চেষ্টা করেছেন। এমনকি বিএনপিতে যোগদানের জন্য তারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অপচেষ্টাও চালিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি নিয়ে বিরোধের জেরে যে মামলা দায়ের করা হয়েছে, তাতে যাঁদের আসামি করা হয়েছে তারা ওই পরিবারেরই নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এই বাস্তবতা এড়িয়ে বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপনের পেছনের মূল উদ্দেশ্য হলো বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা। দলীয় অবস্থান স্পষ্ট করে নেতারা বলেন, বিএনপি কখনোই কোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর কিংবা লুটপাটকে প্রশ্রয় দেয় না। বরং মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে দলটি সবসময় সোচ্চার। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সেই সাথে যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। পরিশেষে, ব্যক্তিগত বা পারিবারিক বিরোধকে কোনোমতেই রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কড়া আহ্বান জানায় জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার জেলার সংবাদ পড়তে