সৈয়দপুরে বাসার দখল না পেয়ে কন্যাকে মারধরের অভিযোগ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৩ পিএম
সৈয়দপুরে বাসার দখল না পেয়ে কন্যাকে মারধরের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে জোরপুর্বক এক বাসা দখল করতে গিয়ে না পেরে অবশেষে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাসা মালিক তানভীর আলমের মেয়ে সাবিনা ইয়াসমিনকে মারপিট করে আহত করা হয়েছে। আহত ওই সাবিনা সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার তার বাসায় ফিরেছেন। 

ভুক্তভোগী সাবিনা ইয়াসমিনের অভিযোগ, গত ৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে রাত ২টার মধ্যে কয়া গোলাহাট নতুন ক্যাম্প এলাকার তার বাসায় প্রতিবেশী সাগর, রাহাত, হালিম, কাল্লু, আরমানসহ আরও কয়েকজন জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তারা ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র তছনছ করেন।

সাবিনা ইয়াসমিন জানান, তাদের এমন কর্মকাণ্ডে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তার কানের সোনার দুল, দুইটি আংটি, গলার চেইন ও মাথার টিকলি নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এসব স্বর্ণালংকারের মোট ওজন প্রায় দেড় ভরি এবং বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ঘরে থাকা নগদ দেড় লাখ টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

ভুক্তভোগী আরও জানান, তার বাবা তানভীর আলম, ছোট বোন রেশমা (২২) ও পরিবারের অন্য সদস্যরা ওই বাসায় বসবাস করেন। তার ছোট বোন মানসিকভাবে অসুস্থ। সম্প্রতি কয়েকজন যুবক তাদের বাসাটি দখলে নেয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন।  এ ব্যাপারে সাবিনা ইয়াসমিন সৈয়দপুর থানায়  ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে