খুলনার দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্তের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরূপ কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন এবং দিঘলিয়া ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মো. আজিম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলীপ দাস, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত, গাজীরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন মিশ্র, দিঘলিয়া সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকারসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।