নোয়াখালীর সেনবাগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং রেনেসাঁ সামাজিক সংঘ ও নেইবো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর। সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, নেইবো ফাউন্ডেশনের কর্মকর্তা প্রকৌশলী আজমত হোসেন চৌধুরী ও সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদার, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, আইসিটি কর্মকর্তা আবদুর রহিম, একাডেমিক সুপারভাইজার মো. নুরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়।’