বৈষম্যহীন রংধনু জাতি গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

রাঙ্গামাটিতে পূজা মণ্ডপে চেক বিতরণকালে পার্বত্য প্রতিমন্ত্রী

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৩:০২ পিএম
রাঙ্গামাটিতে পূজা মণ্ডপে চেক বিতরণকালে পার্বত্য প্রতিমন্ত্রী

“মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ‘রংধনু জাতি’ গঠনের সুনির্দিষ্ট অঙ্গীকার আমরা বাস্তবায়ন করছি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, রংধনুর ভিন্ন ভিন্ন রং যেমন একত্রিত হয়ে বর্ণিল সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি তিন পার্বত্য জেলায় বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষের এক অপূর্ব প্রীতিময় সম্মিলন ঘটেছে।”

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব পিপিএম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন, পাইসা মারমা, নন্দিতা দাশ, সাব্বির আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পাহাড়ি-বাঙালি ও সকল ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সম্প্রীতির এক মিলনমেলা। সরকার পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলার ৪৭টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে