ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয়ের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৩:৪৩ পিএম
ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয়ের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগ্রহীত

দেশের ক্যানসার চিকিৎসার উন্নয়নে প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি দ্রুত স্থাপন ও চালু করা, সেগুলো আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। স্বাস্থ্য খাতে দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত ‘জাতীয় ক্যানসার সম্মেলন ২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য ক্যানসার সেবা: প্রতিরোধ, নির্ভুল চিকিৎসা, উপশমমূলক পরিচর্যা ও নীতিনির্ধারণের সমন্বয়’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের ক্যানসার চিকিৎসা সহজলভ্য করতে স্বাস্থ্য বাজেটের বড় অংশ এ খাতে ব্যয়ের প্রয়োজন হলে সরকার সে উদ্যোগ নেবে। আধুনিক চিকিৎসাযন্ত্র স্থাপন ও সেগুলো চালু করতে যে দীর্ঘসূত্রিতা রয়েছে, তা দূর করা হবে। এসব যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ক্যানসার রোগীদের চিকিৎসার ভোগান্তি কমাতে দেশের ক্যানসার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। এর মাধ্যমে রোগীরা দেশেই আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

মন্ত্রী বলেন, আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য দেশে প্রয়োজনীয় দক্ষ জনবল ও টেকনোলজিস্ট রয়েছেন। নতুন প্রযুক্তি যথাযথভাবে ব্যবহার এবং রোগীদের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মীদের আগামী তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বাস্থ্য খাতের অতীতের অব্যবস্থাপনার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে দেশের স্বাস্থ্য খাত অনেক পিছিয়ে গেছে। বর্তমান সরকার এ খাতে কোনো ধরনের গাফিলতি সহ্য করবে না।

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া কিংবা দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। দায়িত্বে অবহেলার জন্য চাকরিচ্যুতিসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডালিম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। এ ছাড়া সম্মেলনে চিকিৎসক ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে