হাইমচরে দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ পিএম
হাইমচরে দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার সার্বিক প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে আগমন করেন। পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর ও ইউনিয়ন পরিষদ সরেজমিনে পরিদর্শন করেন। এর মধ্যে তিনি হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস, নীলকমল ইউনিয়ন ভূমি অফিস, ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ এবং ৩ নং আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ গমন করেন। এসব দপ্তরের সেবার মান, দাপ্তরিক নথিপত্র এবং নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি তদারকি করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তিনি এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। জেলা প্রশাসক হাইমচর সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি নিম গাছ, আলগী দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি নারকেল গাছ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি হরিতকি গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে তিনি স্থানীয় ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’ পরিদর্শনে যান। সেখানে তিনি মন্দিরের পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং মন্দিরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে